প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2026 ইং
সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মাচার পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সকল নাগরিক ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করার অধিকার ভোগ করবেন। তিনি বলেন, জাতীয় পরিচয়ের ক্ষেত্রে সবাই প্রথমে বাংলাদেশি নাগরিক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের সংবিধান সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে এবং রাষ্ট্র সেই সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই। পাশাপাশি সব ধর্মাবলম্বীর উপাসনালয় স্থাপন, পরিচালনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতাও সংবিধান দ্বারা সুরক্ষিত।
তিনি আরও বলেন, সরকার শুধু সংবিধানে এসব নীতি ধারণ করেই থেমে থাকতে চায় না; বরং বাস্তব ক্ষেত্রেও ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে কিছু রাজনৈতিক শক্তি সনাতন ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে বিবেচনা করলেও সেই ধারণা এখন ভেঙে গেছে। দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানই হবে প্রধান শক্তি।
তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ—এই নীতিতেই আমরা বিশ্বাস করি। আমরা প্রথমে বাংলাদেশি, এরপর আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক বা নৃতাত্ত্বিক পরিচয়। সবার জন্য বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের কোনো নাগরিক যেন নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন। ধর্মীয় পরিচয়ের পরিবর্তে সবাই সমান অধিকারসম্পন্ন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান